অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে ছুটছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক বিভাজনের রেলিংয়ে ধাক্কা খায় এবং উল্টে যায়। গাড়িটিতে মোট চারজন যাত্রী ছিলেন।
দুর্ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত অবস্থায় আরও দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম শেষে সকাল সোয়া ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় প্রাইভেটকারটির ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাড়ির ভেতর রক্তে ভেসে থাকা মরদেহ এবং আহত এক যাত্রীর আর্তচিৎকার হৃদয়বিদারক ছিল।
