বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ–এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে ডিবি দক্ষিণের একটি দল অভিযান চালায়। অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোহাম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি টয়োটা প্রোবক্স প্রাইভেট কার জব্দ করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা–এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং–৩৯, তারিখ ২৫/০২/২০২৬) দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
