আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, খাল রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সামাজিক দায়বদ্ধতার অংশ। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শুভাঢ্যা খাল-এ চলমান খনন ও দখলমুক্ত কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, খাল রক্ষা ও পুনঃখনন কার্যক্রম টেকসই করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না হলে এ ধরনের উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না।
মন্ত্রী জানান, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন এবং নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে। খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বর্জ্য অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রথম ধাপের খনন শেষে দ্বিতীয় ধাপে শুয়ারেজ লাইন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রকল্পের পরিধি বাড়িয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে খালের বর্তমান অবস্থা, দখল ও দূষণ পরিস্থিতি এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন ।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি-মডেল) জান্নাতুল মাওয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
