বি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেতে অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হন। আহতরা হলেন— মামুন ও রাকিব। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স ভোল্ট টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্বাধিকারী খোরশেদ আলম বাবু ও তার সহযোগীরা খিলক্ষেত খাঁপাড়া মা মঞ্জিলের সামনে একটি ভবনের নির্মাণকাজ করার সময় দুই ইঞ্চি ব্যাসের তিতাস গ্যাসের পাইপলাইন অবৈধভাবে বিচ্ছিন্ন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের কাছ থেকে বাবু ৫ লাখ টাকার চুক্তিতে অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ নেন। পরবর্তীতে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করার সময় পাইপলাইনে ত্রুটি দেখা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল: বাসা- খ/২২১, নামাপাড়া বোডগা, মসজিদ রোড, খিলক্ষেত।
পরে আগুন নিয়ন্ত্রণে আনতে তিতাস গ্যাসের ইমার্জেন্সি কল-৩৮২ টিমকে খবর দেওয়া হয়। টিম লিডার নাজমুল ও সহকারী আরিফ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ অনুযায়ী আরও ৪ লাখ টাকার বিনিময়ে আগুন নিভানোর জন্য বাড়িওয়ালার সাথে গোপন চুক্তি করেন।
দালাল চক্রের সক্রিয়তা: স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারক চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের সহযোগিতা ছাড়া সাধারণ মানুষ গ্যাস সংযোগ পান না।
এই চক্রের সদস্য জহির নামে একজন প্রায়শই গ্রাহকদের বাড়িতে গিয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে রেগুলেটর খুলে দেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। অভিযোগ রয়েছে, এরা তিতাস গ্যাসের গুলশান অফিসে প্রভাব বিস্তার করে বিভিন্ন গ্রাহককে ভয়ভীতি দেখায় এবং সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ সংযোগের কাজ চালিয়ে যাচ্ছে।
দালাল রশিদের বিরুদ্ধে অভিযোগ: অন্যদিকে, রাজধানীর নর্দ্দা হারিশ সড়ক এলাকায় দালাল আব্দুর রশিদ দুই হাজারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সাংবাদিকরা এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে তার পক্ষ থেকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিয়ন্ত্রণ প্রতিনিধির পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দালাল রশিদ দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভেতরের একটি অসাধু চক্রের সহযোগিতা ছাড়া এত বড় পরিসরে অবৈধ সংযোগ দেওয়া সম্ভব নয়।
জনমতের দাবি: এলাকাবাসী দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
