আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
মুন্সিগঞ্জ সড়ক বিভাগের আওতায় কেরানীগঞ্জের রামের কান্দা–লাকিরচর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণজনিত জটিলতা নিরসনে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। তিনি বলেন, “জনগণের সুবিধা নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.) লিটুস লরেন্স চিরাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক, শাক্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম হোসেন, গণফোরাম নেতা হাবিবুর রহমান ভুলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রকল্প সূত্রে জানা গেছে, ৪ কিলোমিটার দীর্ঘ রামের কান্দা–লাকিরচর সংযোগ সড়ক নির্মাণের জন্য মোট ১১.৫৫৩ একর জমি অধিগ্রহণ করা হবে। এই সড়কটি নির্মাণ হলে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারবাসীর যাতায়াতে গতি আসবে এবং রামের কান্দা ও রোহিতপুর বাজার এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হবে।
