ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

  • আপলোড তারিখঃ 27-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 76624 জন
বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি ছবির ক্যাপশন: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক


ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল। তাদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এবার আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশি গণমাধ্যমের ওপর কঠোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যে সব সাংবাদিক আইসিসিতে মিডিয়া অ্যাক্রিডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সবার আবেদনই বাতিল করা হয়েছে। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না।


বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি ও আইসিসির একগুঁয়েমি চরম আকার ধারণ করেছে। নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন এমনিতেই উত্তাল, তার ওপর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে।


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন। বাংলাদেশ দল খেলুক বা না খেলুক—ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার প্রস্তুতি ছিল অনেক সাংবাদিকের।


১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। এমনকি বাংলাদেশ দল অংশ না নেওয়া বিশ্বকাপেও দেশের সাংবাদিকরা কাভার করেছেন টুর্নামেন্ট। ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের বিশ্বকাপ আগ্রহের কারণে প্রায় সব মিডিয়া হাউসই সাংবাদিক পাঠিয়ে থাকে।


মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকার, ক্রিকেটার, সমর্থক ও সংবাদকর্মীরা ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করেন। শ্রীলঙ্কায় খেলার জন্য বারবার আইসিসির কাছে অনুরোধ জানানো হলেও তা আমলে নেয়নি সংস্থাটি।


সোমবার সন্ধ্যায় জানা যায়, বাংলাদেশ থেকে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন। আইসিসি তাদের সবাইকে একযোগে প্রত্যাখ্যান করেছে।


বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, “এটি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য অপমানজনক, গ্লানিকর ও ক্ষোভের।”

তিনি আরও বলেন, “আমি একজন সিনিয়র ক্রিকেট রিপোর্টার, সাতটি বিশ্বকাপ কাভার করেছি। বাংলাদেশ দল ভারতে খেলতে না চাওয়ায় সাংবাদিকদের কেন অ্যাক্রিডিটেশন দেওয়া হবে না—এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।”

বাবু বলেন, “বাংলাদেশ না খেললেও সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অধিকার আছে। টুর্নামেন্ট তো শুধু ভারতে নয়, শ্রীলঙ্কাতেও হচ্ছে। সেখানে গিয়ে কাভার করার সুযোগও কেড়ে নেওয়া হয়েছে।”


বিএসজেএ সভাপতি জানান, বিএসপিএ ও স্পোর্টস জার্নালিস্টস অ্যান্ড রাইটার্স কমিউনিটির (বিএসজেসি) সঙ্গে আলোচনা করে আইসিসির কাছে প্রতিবাদলিপি পাঠানো হবে। প্রয়োজনে বিসিবি বা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও বিষয়টি উত্থাপন করা হবে।


তিনি বলেন, “আইসিসি যেভাবে বাংলাদেশের মিডিয়াকে একপেশে ও ঘৃণ্য মানসিকতায় বঞ্চিত করেছে, তার ব্যাখ্যা দেওয়া উচিত। ক্রিকেট দলের পাশাপাশি বাংলাদেশের মিডিয়াকেও কি চাপে রাখতে চায় আইসিসি—এই প্রশ্নই এখন সামনে এসেছে।”


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি