ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা

‘জুলাই সনদ বাস্তবায়নের সময় এসেছে’—ডা. শফিকুর রহমান
  • আপলোড তারিখঃ 31-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67788 জন
কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :


কেরানীগঞ্জের শাক্তা সরকারি স্কুল খেলার মাঠে আজ শনিবার (৩১ জানুয়ারি) জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নেতা মো. নাইদ ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান অতীতের শাসকদের কঠোর সমালোচনা করে বলেন, তাঁরা দেশকে ভালোবাসেননি; বরং দীর্ঘ সময় ধরে শোষণ করেছেন। তাঁর দাবি, গুম, খুন ও ‘আয়নাঘর’ সংস্কৃতির মাধ্যমে দেশকে একটি শ্মশানে পরিণত করা হয়েছে। তিনি বলেন, “এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”


ডা. শফিকুর রহমান বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কেরানীগঞ্জকে একটি মডেল জনপদে রূপান্তর করা হবে। কেরানীগঞ্জকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করে পরিকল্পিত ও আধুনিক নগরায়নের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান।


তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানো হবে। এসব অনিয়ম ও অন্যায়ের রাজনীতিকে আর মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।


নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংহত করতে হবে। তাঁর বক্তব্যে তিনি জানান, ১১ দলীয় ঐক্যজোটের মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তাঁরা এগোচ্ছেন।


জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক, ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম। এনসিপি মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের দিলশাদ পারুল ও ঢাকা-২০ আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।


এ ছাড়া সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, নায়েবে আমির আব্দুর রঊফ, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মশিউল আলম, মাওলানা জব্বার এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম বক্তব্য রাখেন।


সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনের আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি