বিশেষ সংবাদদাতা :
ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহত রিয়াজ হোসেনের পরিবারকে দেখতে কেরানীগঞ্জে গেছেন ঢাকা–২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল গ্রামে রিয়াজের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং একসঙ্গে ইফতারে অংশ নেন।
ইফতার শেষে আমান উল্লাহ আমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন অধ্যায় সূচনা করেছে। “শহীদদের ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না,”—বলেন তিনি। শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান ও মো. মনিরুল হক মনিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, ছাত্র–জনতার আন্দোলনে অংশ নিয়ে মিছিল চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন।
