ঢাকা | বঙ্গাব্দ

বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড তারিখঃ 23-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25121 জন
বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক


প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের মেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন। পাশাপাশি প্রকাশকদের জন্য মেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে স্টল নির্মাণের কাজ।


রোববার সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।


প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।


সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতৃবৃন্দের আন্তরিক সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এই সিদ্ধান্তের পর রোববার রাত ১০টায় স্টল বিন্যাসের লটারি অনুষ্ঠিত হয়। গত ১৯ ফেব্রুয়ারি স্টলের জন্য আবেদনকারী প্রকাশকদের মধ্যে এই লটারি সম্পন্ন হয়।

লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি থেকে প্রকাশকরা আনুষ্ঠানিকভাবে স্টল নির্মাণের কাজ শুরু করবেন। 


উল্লেখ্য, প্রকাশকদের সুবিধার্থে ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল-ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন।


আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে ঐতিহ্যবাহী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মেলা প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি