>> বাস ডেস্ক
রাফিনিয়ার কথাই ফলে গেল। তবে ফল উল্টো। আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ব্রাজিলের তারকা হুংকার ছুঁড়েছিলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে ওদের (আর্জেন্টিনা) গুঁড়িয়ে দেব।’ তার সেই হুংকারের শব্দ বেজেছে ব্রাজিলের কানেই। দাপুটে এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপরই বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এনজো ফার্নান্দেজ।
ম্যাচ শেষে ফেসবুকে এক পোস্টে আর্জেন্টাইন মিডফিল্ডার লেখেন, ‘অবিশ্বাস্য সমর্থন এবং বার্তার জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয়টিও আপনারও।’ আরেক পোস্টে ব্রাজিল তারকা রাফিনিয়াকে খোঁচা মেরেছেন এনজো, ‘পরের বার থেকে বিনয়ী থেকো রাফিনিয়া।’
আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশি সমর্থকদের একটু বেশিই আবেগ। লাতিন কিংবা ইউরোপে মাঠের লড়াই হলে এ দেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তরা আলাদা হয়ে যায়। কথার লড়াই চলে। ওসব আর্জেন্টাইনদের মনে ধরেছে। বাংলাদেশের বেশ কিছু ইস্যুতে এনজোকে প্রায়ই সরব দেখা যায়। ব্রাজিলকে গুঁড়িয়ে আবারও বার্তা দিয়েছেন। ফেসবুকের পোস্টে জুড়ে দিয়েছেন বাংলাদেশের দুটি পতাকার ইমোজিও।
