বোরহান তালুকদার জয়
স্বাধীনতা মানে কি ছাত্র মিছিলের বুকের ওপর চালাবে গুলি?
স্বাধীনতা মানে কি ক্ষমতা দিয়ে কেঁড়ে নেবে মুখের বুলি?
স্বাধীনতা মানে কি শান্ত মিছিলে অশান্ত শকুনের আঘাত?
স্বাধীনতা মানে কী সবুজের বুকে নেমে আসা কালোরাত?
স্বাধীনতা মানে কি জুলাইয়ের বুকে হানা দেওয়া একুশের কাল?
স্বাধীনতা তুমি আসনি কখনো সবি ছিল মিথ্যে জাল!
পঞ্চাশ পেরিয়েও আমি আজও সেই স্বাধীনতাকে রোজ খুঁজি,
যেই স্বাধীনতার ত্যাগে ধরেছিল ৩০ লক্ষ শহিদের প্রাণ বাজি।
পঞ্চাশ পেরিয়েও আমি আজও সেই স্বাধীনতাকে রোজ ডাকি,
যেই স্বাধীনতার ডাকে রক্ত ঝড়েছিল হতে কোটি মা-বোনের আঁখি।
স্বাধীনতা মানে কি অন্ধকারে বন্ধ থাকুক সব,
না দেখুক আর বিশ্ববাসী না জানুক গণরব!
স্বাধীনতা মানে কি গ্রেফতার করে জুলুম আর অত্যাচার?
স্বাধীনতা মানে কি তুমি দেশ শাসনে হয়ে যাবে স্বৈরাচার?
স্বাধীনতা মানে কি মায়ের বুকেতে বয় প্রলয়ের হাহাকার?
স্বাধীনতা মানে কি মিথ্যা রটাতে ব্যস্ত মিডিয়ার দার?
স্বাধীনতা মানে কি বিদ্যাপীঠে চলে রক্তের হলি খেলা?
স্বাধীনতা মানে কি রাজপথে হবে শত সাঈদের শেষ বেলা?
পঞ্চাশ পেরিয়েও আমি আজও সেই স্বাধীনতাতে না পাই সুর,
যেই স্বাধীনতা মোরে নিতে চেয়েছিল দূর হতে হাতে হাতে বহুদূর!
পঞ্চাশ পেরিয়েও আমি আজও সেই স্বাধীনতার চিত্র আঁকি,
যেই স্বাধীনতার চিত্র অঙ্কিত হয়েছিল এক সমুদ্র বীরের রক্ত মাখি!
আমি পাইনিকো হায় আজও তোমায় হে প্রিয়! মোর স্বাধীনতা,
আমি নিরব কণ্ঠে শুধু কেঁদে যাই আর সয়ে যাই নির্মমতা।
