ঢাকা | বঙ্গাব্দ

চাকরি সংকটে বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব

  • আপলোড তারিখঃ 28-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2276112 জন
চাকরি সংকটে বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক 


দেশে প্রতিবছর লাখো শিক্ষার্থী প্রকৌশল বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রি নিয়ে বের হলেও তাদের জন্য কর্মসংস্থান সীমিত। বিশেষ করে সরকারি খাতে প্রকৌশল পদে নিয়োগ কম হওয়ায় বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে।


বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করছেন। কিন্তু সরকারি দপ্তরে নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদের সংখ্যা অল্প। অন্যদিকে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদগুলো প্রায় পুরোপুরি ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত। ফলে অনেক স্নাতক প্রকৌশলী বেকার হয়ে যাচ্ছেন বা বেসরকারি প্রতিষ্ঠানে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন।


দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো থেকে প্রতিবছর দেড় লাখেরও বেশি শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার কারণে তারা নিজেদের দক্ষ জনশক্তি মনে করেন। ডিপ্লোমা প্রকৌশলীরা চান, উপ-সহকারী প্রকৌশলী পদ সম্পূর্ণভাবে তাদের জন্য সংরক্ষিত থাকুক। একই সঙ্গে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতিতে ৩০ শতাংশ কোটা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও দাবি করে আসছেন তারা।


বিএসসি ইঞ্জিনিয়াররা তিন দফা এবং ডিপ্লোমাধারীরা সাত দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। শাহবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ডিপ্লোমারা দেশব্যাপী পলিটেকনিকে আন্দোলন চালাচ্ছেন। পরিস্থিতি জটিল হওয়ায় সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে, যারা সব পক্ষের বক্তব্য শুনে এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে।


শিক্ষাবিদরা মনে করেন, এই দ্বন্দ্বের মূল কারণ সীমিত চাকরির বাজার। একদিকে বিএসসি প্রকৌশলীরা দাবি করছেন তাদের জন্যও দশম গ্রেডে সুযোগ রাখতে হবে, অন্যদিকে ডিপ্লোমাধারীরা বলছেন উপ-সহকারী পদ তাদের একমাত্র ভরসা। বিশেষজ্ঞদের মতে, প্রকৌশল পেশায় উভয় গ্রুপই জরুরি। তাই নির্দিষ্ট পদ কেবল একটি পক্ষের জন্য সংরক্ষণ না রেখে সিলেবাস সংস্কার ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিতে হবে।


বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বর্তমান দ্বন্দ্ব আসলে সীমিত সরকারি চাকরির প্রতিযোগিতার ফল। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি না হলে এই সংকট আরও তীব্র হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি