অনলাইন ডেস্ক
এক সময়ে খলনায়কের চরিত্রে অভিনয় করতেন আশরাফুল হক ডন। কিন্তু এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না। তবে সালমান শাহ হত্যা মামলার আসামি হয়ে নতুন করে আবারো আলোচনায় এসেছেন ঢালিউডের এই খলঅভিনেতা। আদালতের নির্দেশে মামলার সব আসামির দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পর থেকেই আবারো তার নাম ঘুরছে সবার মুখে মুখে।
জানা গিয়েছে, খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে। ইমিগ্রেশন পুলিশকেও আসামিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডনের দেশ ছেড়ে পালানোর গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজব উড়িয়ে দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে ডন জানিয়েছেন, পালানোর প্রশ্নই আসে না, প্রয়োজনে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন। তার এই আত্মসমর্পণের ঘোষণার চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি গান। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ডনের গাওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। সেই ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়।
অনেকেই মন্তব্য করেছেন, খলনায়ক হয়েও কণ্ঠে দারুণ মাধুর্য। আবার কেউ লিখেছেন, গানটা শুনে পুরোনো দিন মনে পড়ে গেল। তবে প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। মন্তব্যের বক্সে অনেকে তাকে সরাসরি ‘সালমান শাহের খুনি’ বলে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ লিখেছেন, গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।
