নূর মোহাম্মদ জামালপুরঃ
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়াডহ দেশবাসীর কল্যানে মোনাজাত করা হয়।
গায়েবানা জানাজায় ছাত্র-জনতা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. মুয়াজ।
গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী শুধু একটি নাম নয় তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,সাহস ও ন্যায়ের প্রতীক। এ দেশের ইতিহাসে যাঁরা অন্যায়ের কাছে মাথা নত না করে লড়াই করেছেন, তাঁদের অন্যতম ছিলেন হাদী। বক্তারা আরও বলেন,সত্য ও ন্যায়ের পথে কীভাবে একা দাঁড়িয়ে সংগ্রাম করতে হয় শহীদ হাদী তা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। তাঁর আদর্শ ও সংগ্রাম আগামী দিনের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে।
গত ১২ ডিসেম্বর ঢাকায় এক সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। হাদীর মৃত্যুতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ,প্রতিবাদ মিছিল, সড়ক অবরোধ এবং মসজিদে দোয়ার আয়োজন করা হয়।পরে
বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এসময় শহীদ ওসমান হাদীর আত্মার শান্তি কামনায় জামসলপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চান বক্তারা এবং তাঁর রক্ত যেন বৃথা না যায় সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
