মো. ছাব্বির হোসাইন
বায়ুদূষণ নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে তার ছবি তুলে পাঠালে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়টি জানায়, উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম কারণ। এ কারণে সাধারণ মানুষের অংশগ্রহণে এমন কার্যক্রম শনাক্ত ও নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোথাও বর্জ্য পোড়ানোর দৃশ্য দেখা গেলে তার ছবি তুলে climatechange2@moef.gov.bd ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে। ছবির সঙ্গে প্রেরকের নাম, মুঠোফোন নম্বর, ঘটনার স্থান, এলাকার ঠিকানা এবং সময় উল্লেখ করা বাধ্যতামূলক।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলো যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে উপযুক্ত পুরস্কার।
বাংলাদেশে বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে শীতকালে শুকনা মৌসুমে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এমন প্রেক্ষাপটে এই উদ্যোগ বায়ুদূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ক্লিয়ারিং দ্য এয়ার: অ্যাড্রেসিং বাংলাদেশ’স এয়ার পলিউশন ক্রাইসিস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অবদান প্রায় ১১ শতাংশ।
