আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা
ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে পরিবর্তন চায়। জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন নয়; তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণের ফাঁদে পা দেওয়া যাবে না। বিএনপির বিপুল জনসমর্থন দেশজুড়ে রয়েছে, কোনোভাবেই এই জনসমর্থন বিপথে নেওয়ার অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না।
আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি জানান।
ঢাকা-২ আসন থেকে নির্বাচিত হলে এলাকাটিকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন আমানউল্লাহ আমান। পাশাপাশি কেরানীগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।
গণসংযোগের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
