ঢাকা | বঙ্গাব্দ

আজ পবিত্র শবে বরাত

  • আপলোড তারিখঃ 03-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 58316 জন
আজ পবিত্র শবে বরাত ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক 


আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানদের কাছে ‘শবে বরাত’ বা ‘লাইলাতুল বরাত’ নামে পরিচিত, যা সৌভাগ্যের রজনী হিসেবেও বিবেচিত।


পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এই মহিমান্বিত রাত আল্লাহর রহমত, বরকত ও মাগফেরাত লাভের এক অনন্য সুযোগ। ইবাদত-বন্দেগি, দান-সদকা ও তওবার মাধ্যমে আত্মশুদ্ধির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান তিনি।


শবে বরাতের রাতে বাসাবাড়ির পাশাপাশি মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব ওয়াজ মাহফিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে এবং ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। সারা রাত ব্যক্তিগত নফল ইবাদতের জন্য মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে।


এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।


এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদতে মশগুল থাকবেন এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি