ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলা, আহত ৪ শিক্ষার্থী

  • আপলোড তারিখঃ 16-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2823429 জন
বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলা, আহত ৪ শিক্ষার্থী ছবির ক্যাপশন: ...............................................................
রুহুল আমিন শাহিন, স্টাফ রিপোর্টার 


বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 


আহত শিক্ষার্থীরা ককটেল হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। অন্যদিকে ছাত্রলীগ বলেছে, আন্দোলনকারীরাই ছাত্রলীগকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


ককটেলের আঘাতে আহত শিক্ষার্থীরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 


শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখেন। এরপর সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন। 

জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘আমরা সাত মাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এলে আন্দোলনকারীরা আমাদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটনায়।’ 

আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। 

এদিকে বেলা সাড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-রংপুর মহাসড়কের একপাশ অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তাঁরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তাঁদের সঙ্গে কথা বললে সড়ক থেকে সরে যান।



নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি