অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার জানান, চলমান সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি অর্জনের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। তিনি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।
এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধের সমাধানে কোনো চুক্তি না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে নতুন কিছু ছাড় দিতে প্রস্তুত রয়েছে। তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতির বিষয়টি তারা অগ্রাধিকার দিচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাম্প্রতিক আলোচনাকে ‘উৎসাহজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুত রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেওয়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটন এখনো জানতে আগ্রহী কেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়নি। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সামনে এখনো বিভিন্ন বিকল্প পথ খোলা রয়েছে।
সামরিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার এই প্রেক্ষাপটে জেনেভার বৈঠককে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
