স্পোর্টস ডেস্ক >>
নান্দনিক ফুটবল, এই নামের সাথে সবচেয়ে পরিচিত যে দলটি সেটি হলো ৫বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে মনে হচ্ছিল সেলেসাওরা যেন তাদের ফুটবল নান্দনিকতা ভুলতে বসেছে। আর তা হবেই বা না কেন? ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে যে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হয়েছিল নেইমারবিহীন ব্রাজিলের।
নেইমার এখনো ফেরেননি, তবে নান্দনিক ফুটবল খেলা ব্রাজিল মনে হয় ফিরছে। আর তারই ঝলক দেখালো তারা পেরুর বিপক্ষে। যেখানে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
বুধবার (১৬ অক্টোবর) অ্যারেনা গারিঞ্চাতে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচটিতে সেলেসাওদের হয়ে বার্সা তারকা রাফিনহা জোড়া গোল করেন।
ব্রাসিলিয়ার এরিনা মানে গারিঞ্চা স্টেডিয়ামে আয়োজন করা ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের ১০তম রাউন্ডের ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে পেরুকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। এই জয়ে ব্রাজিল এখন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে, আর পেরু নেমে গেছে পয়েন্ট তালিকার তলানির এক ধাপ আগে।
ব্রাজিলিয়ান দল এই ম্যাচে চিলির বিপক্ষে তাদের আগের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে এবং ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগায়। দলটি পেরুকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে তাদের খেলার ছন্দকে ফিরিয়ে আনে। পেরু যারা উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে এই ম্যাচে আত্মবিশ্বাসী ছিল, ম্যাচের প্রথম থেকেই ব্রাজিলিয়ান দলের দাপটে খেলায় সুবিধা করতে পারেনি।
এই জয়ে ব্রাজিল এখন চতুর্থ স্থানে অবস্থান করছে, যা তাদের ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পেরুর বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে এবং পরবর্তী ম্যাচগুলোতেও তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।
