ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে –আমানউল্লাহ আমান

  • আপলোড তারিখঃ 23-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8808 জন
সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে –আমানউল্লাহ আমান ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :


নিরপেক্ষ সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, ও ঢাকা-২ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমানউল্লাহ আমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমিদখলমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।


আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-২ আসনের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।


সভায় শুরুতে সবার সঙ্গে পরিচয়পর্ব শেষে সৃষ্টিকর্তা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, “জনগণ যেই প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করবো।”


যোগাযোগব্যবস্থা উন্নয়নে পরিকল্পিত উদ্যোগের কথা তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে রাস্তার দুই পাশে অন্তত ১০ ফুট জায়গা খালি রেখে দেয়াল ও ভবন নির্মাণ করতে হবে। এতে ভূমির মালিকরাই দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন এবং বিভিন্ন সড়কের ম্যানহোলের ঢাকনা বসানো জরুরি। “আমরা শ্রমিকের মতো কাজ করবো, সেবকের মতো কাজ করবো”—যোগ করেন তিনি।


তিন মাসের মধ্যে ছোট-বড় কয়েকটি সেতুর রেলিং মেরামতের নির্দেশনার কথাও জানান সংসদ সদস্য। যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়ায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার ওপর জোর দেন। পাশাপাশি কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করার কথাও বলেন তিনি।


যানজট নিরসনে ট্রাফিক বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, জনগণের কষ্ট মেনে নেওয়া হবে না। এছাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণেরও তাগিদ দেন। জনজীবন সচল রাখতে লোডশেডিং কমানো এবং গ্যাসের সরবরাহ বাড়ানোর আহ্বান জানান তিনি।


জলাবদ্ধতা দূর করতে খাল খনন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দেন। সেই সাথে হাটবাজার উন্নয়ন ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধের নির্দেশ দেন।

আন্দোলনে শহীদ রিয়াজের স্মৃতি রক্ষার্থে 'রিয়াজ চত্বর' নির্মাণের ঘোষণা দেন তিনি।


উপস্থিত ব্যক্তিবর্গ

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আমান বলেন, “কেরানীগঞ্জে মাদক বিক্রেতা ও সেবনকারী কেউ থাকবে না। যদি আমার দলের নাম ভাঙিয়ে কেউ এসব করে, তাকেও আটক করা হবে। প্রয়োজনে অভিযানে আমি নিজে উপস্থিত থাকবো।” একই সঙ্গে ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।


সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফানি ইবনে আমান অমি, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল, মডেল থানায় এসিল্যান্ড আফতাব আহমেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র সম্পাদক মনিরুল হক মনির,ওয়ালীউল্লাহ সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি